সাজ্জাদ হোসেন সাবু:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে চলন্ত ট্রেনে লাফিয়ে ওঠার সময় পা পিছলে পড়ে স্টেশন মাষ্টার (টিএলআর) আব্দুস সোবাহান আকন্দের (৭০) মৃত্যু হয়েছে। উপজেলার মহিমাগঞ্জ রেলওয়ে স্টেশনে ৭ নভেম্বর মঙ্গলবার বেলা ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মৃত্যু আব্দুস সোবাহান আকন্দ উপজেলার শিবপুর ইউনিয়নের ভিটাশাখইল গ্রামের মৃত আবু বক্করের ছেলে। তিনি চাকরি অবসরের পর দৈনিক হাজিরার ভিত্তিতে স্টেশন মাষ্টার পদে কর্মরত ছিলেন। প্রত্যক্ষদর্শিরা জানান,বগুড়া থেকে আসা গাইবান্ধা গামী করতোয়া এক্সপ্রেস বেলা ১১ টার দিকে উপজেলার মহিমাগঞ্জ রেলওয়ে স্টেশনে পৌঁছে। ট্রেনটি স্টেশন ত্যাগ করার পূর্ব মুহুর্তে আব্দুস সোবাহান আকন্দ দৌঁড়ে এসে লাফ দিয়ে ট্রেনে ওঠার চেষ্টা করেন। এ সময় তিনি পা পিছলে ট্রেনের নিচে পড়ে যান। এতে তার শরীর থেকে ডান হাত ও পা বিচ্ছিন্ন হয়।বোনারপাড়া রেলওয়ে থানার ওসি জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করে জানান, গুরুতর আহত অবস্থায় আব্দুস সোবাহানকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় মারা যান তিনি।
আলোকিত প্রতিদিন /৭ নভেম্বর ২৩/ মওম

