আজ রবিবার, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১০ মে ২০২৬ খ্রিস্টাব্দ

প্রতিবন্ধী ব্যক্তির সেবায় নিয়োজিত ব্যক্তিদের কর্মশালা অনুষ্ঠিত

আরো খবর

:: নিজস্ব প্রতিবেদক ::
আজ বুধবার (৩১ মার্চ) সকাল ১১ টায় মিরপুর-১৪, সূবর্ণ ভবনে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন প্রতিবন্ধী সেবা এবং সাহায্য কেন্দ্র কর্মকর্তা কর্মচারী সোসাইটির উদ্যোগে প্রতিবন্ধী ব্যক্তির সেবায় নিয়োজিত ব্যক্তিদের সেবার মান উন্নয়ন ও চ্যালেঞ্জ শীর্ষক কর্মশালার আয়োজন করা হয়। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে (জুম প্লাটফর্মে) সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি এবং বিশেষ অতিথি হিসেবে একই মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি এবং জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক জনাব মো: আনিছুজ্জামান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে চাকুরী প্রত্যাশী দৃষ্টি প্রতিবন্ধী গ্রাজুয়েট পরিষদের আহবায়ক জনাব মো: আলী হোসেনসহ অনেক প্রতিবন্ধী ব্যক্তি সেবা মান উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত প্রতিবন্ধী উন্নয়ন অধিদপ্তর বাস্তবায়নের দাবীতে বক্তব্য রাখেন। জনাব আলী হোসেন বলেন যে, মুজিব বর্ষে জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সূবর্ণ জয়ন্তীতে প্রতিবন্ধী ব্যক্তিদের দাবী প্রতিবন্ধী উন্নয়ন অধিদপ্তর বাস্তবায়ন। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত প্রতিবন্ধী উন্নয়ন অধিদপ্তর বাস্তবায়ন আমাদের প্রতিবন্ধী ব্যক্তিদের প্রাণের দাবী।  মাননীয় প্রধানমন্ত্রী অসম্ভবকে সম্ভব করার একজন সাহসী সফল নেত্রী। প্রতিবন্ধী উন্নয়ন অধিদপ্তর বাস্তবায়নে তার একান্ত নির্দেশনা প্রয়োজন।

জনাব নাজনীন আখতার শিল্প উদ্যোক্তা (শারীরিক প্রতিবন্ধী) বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ২০১৪ সালে প্রতিবন্ধী উন্নয়ন অধিদপ্তর বাস্তবায়নের ঘোষণাসহ নামফলক উন্মোচন করেছেন। ২০১৫ সালের প্রধানমন্ত্রীর সভাপত্তিতে অনুষ্ঠিত ফাউন্ডেশনের ২য় পৃষ্ঠপোষক মন্ডলীর সভায় প্রতিবন্ধী উন্নয়ন অধিদপ্তর বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়। আমি একজন শারীরিক প্রতিবন্ধী, আমার দাবী প্রতিবন্ধী ব্যক্তিদের সুবিধাসমূহ একটি প্লাটফর্ম থেকে দেয়া হউক। এজন্য মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত প্রতিবন্ধী উন্নয়ন অধিদফতর এর দ্রুত বাস্তবায়ন চাই।

কর্মশালায় সূবর্ণ নাগরিক ফুলমতি রোজারিউ মূল প্রবন্ধে বলেন, আমি একজন হুইল চেয়ার ব্যবহারকারী শারীরিক প্রতিবন্ধী।

  • সেবার মান এবং সেবকদের কর্মক্ষেত্রে চাকুরি নিশ্চয়তা প্রদানের লক্ষ্যে বর্তমানে কর্মরত জনবলের চাকুরী রাজস্বকরণ আমি চাই।
  • প্রদত্ত সেবাসমূহের মান চলমান রাখা, প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান তৈরি, সঠিক ব্যবস্থাপনা ও মনিটরিং করার নিমিত্ত প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি করে সাংগঠনিক কাঠামো শক্তিশালী করণের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত এবং উদ্বোধনকৃত প্রতিবন্ধী উন্নয়ন অধিদপ্তর এর প্রজ্ঞাপন দ্রুত জারীকরণের ব্যবস্থা গ্রহণ করবেন বলে আমি আশা রাখি।

ভিপস এর সাধারণ সম্পাদক জনাব মো: জাহাঙ্গীর হোসেন বলেন, যে নামেই হোক তাদের চাকুরী রাজস্বকরণ প্রয়োজন। অনেক অধিদপ্তর সরকার করেছে কিন্তু প্রতিবন্ধী উন্নয়ন অধিদপ্তর কেন হলো না তা আমি বুঝি না। আমি এটার বাস্তবায়ন চাই।

উপস্থিত কর্মকর্তা কর্মচারীদের মধ্যে থেকে অনেকে বলেন, তাদের চাকুরী রাজস্বকরণের লক্ষ্যে একটি শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামো প্রয়োজন। প্রতিবন্ধী উন্নয়ন অধিদপ্তর বাস্তবায়িত হলে নতুন করে প্রতিবন্ধী ব্যক্তিসহ  অনেকের চাকুরী হবে। এতে করে প্রতিবন্ধী ব্যক্তিদের জীবন মান উন্নয়ন হবে এবং দেশব্যাপী প্রতিবন্ধী ব্যক্তিদের সেবা তাদের দোড় গোড়ায় পৌঁছে দেয়া সহজতর হবে।

বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি বলেন, মাননীয় মন্ত্রীর নির্দেশনা পেলে আমরা  আপনাদের দাবী অনুযায়ী প্রতিবন্ধী উন্নয়ন অধিদপ্তর বাস্তবায়নের কাজ করবো। আশা রাখি চেষ্টা করলে এটি দ্রুত বাস্তবায়ন হবে।

ফাউন্ডেশনের এমডি জনাব মো: আনিছুজ্জামান বলেন, আসলে প্রতিবন্ধী উন্নয়ন অধিদপ্তর ছাড়া সারা দেশে শক্তিশালী কাঠামো স্থাপন দূরহ ব্যাপার। সবগুলো উপজেলায় সেবা কেন্দ্র স্থাপনের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। এগুলো সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রশাসনিক স্তর বিন্যাস জরুরী। সেবকদের চাকুরী রাজস্ব করণের লক্ষ্যে প্রতিবন্ধী উন্নয়ন অধিদপ্তর একান্ত আব্যশক। আমি অনেকের দাবী শুনলাম তাদের দাবী যৌক্তিক । চাকুরীতে সেটিসফেকশন না থাকলে সার্ভিস শতভাগ পাওয়া কষ্টকর।

প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা জনাব নুরুজ্জামান আহমেদ এমপি বলেন, সেবার মান উন্নয়ন সেবকদের চাকুরী রাজস্বকরণের লক্ষ্যে আমাদের যা যা করার তা মন্ত্রণালয় হতে করা হবে।  আপনাদের যেটি মূল দাবী প্রতিবন্ধী উন্নয়ন অধিদপ্তর এটি বাস্তবায়নের জন্য প্রয়োজনে আমি আমার প্রতিমন্ত্রী এবং সচিবকে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলাপ করবো। কারণ মাননীয় প্রধানমন্ত্রীর নিদেশর্না ছাড়া বাস্তবায়ন কঠিন।

জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন প্রতিবন্ধী সেবা এবং সাহায্য কেন্দ্রের কর্মকর্তা কর্মচারী সোসাইটির সভাপতি ড. মো: রেজাউল কবির বলেন,  প্রতিবন্ধী উন্নয়ন অধিদপ্তর আমাদের সকলের প্রাণের দাবী। তিনি বলেন ২৯-৮-২০১৯ তারিখ অর্থ, জনপ্রশাসন এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমন্বয়ে অনুষ্ঠিত সভায় জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনকে প্রতিবন্ধী উন্নয়ন অধিদপ্তরে রুপান্তরের বিষয়ে একমত পোষণ করেন। পরবর্তীতে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটিতে উপস্থাপিত হলে অদ্যাবধি কোনো সিদ্ধান্ত পাউয়া যায়নি। যার ফলে অধিদপ্তর এর গেজেট আজো প্রকাশিত হয়নি। তিনি আশা করেন মুজিব শতবর্ষের মধ্যে প্রতিবন্ধী উন্নয়ন অধিদপ্তর বাস্তবায়িত হবে ইনশাল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন দেশের প্রতিটি উপজেলায় প্রতিবন্ধী সেবা এবং সাহায্য কেন্দ্র সম্প্রসারিত করা হবে। তা হলে সঠিক মনিটরিং এবং পরিচালনার জন্য  প্রতিবন্ধী উন্নয়ন অধিদপ্তর বাস্তবায়ন অপরিহার্য। এটি বাস্তবায়িত হলে শত শত  বেকার  প্রতিবন্ধী ব্যক্তির কর্মসংস্থান হবে অন্যদিকে কর্মরত জনবলের চাকুরী রাজস্ব করণ সহজ হবে।

 

আলোকিত প্রতিদিন/৩১ মার্চ-২০২১/জেডএন

- Advertisement -
- Advertisement -