আজ সোমবার, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

খাতুনগঞ্জে চাহিদার মাত্র ২০ শতাংশ পণ্য ঢুকছে 

আরো খবর

মুহাম্মদ জুবাইর:
বিএনপি-জামায়াতের দফায় দফায় ডাকা হরতাল-অবরোধের কারণে দেশে ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে পণ্য সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। এর প্রভাব পড়ছে পণ্যের দামে। সরবরাহে ঘাটতির কারণে এরই মধ্যে এখানে দাম বেড়েছে পেঁয়াজ, আদা, রসুন, ডালসহ কয়েকটি পণ্যের। ব্যবসায়ীরা বলছেন, কয়েক দিন ধরে চাহিদার মাত্র ২০ শতাংশ পণ্য এই মোকামে ঢুকছে।খাতুনগঞ্জে মূলত হিলি, চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ ও ভোমরা স্থলবন্দর থেকে পণ্য আসে। এ ছাড়া দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বিভিন্ন ভোগ্যপণ্য আসে ছোট-বড় ট্রাকে। আর এই মোকাম থেকে প্রতিদিন পণ্য যায় চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা-উপজেলায়। বাজারের ব্যবসায়ীরা বলছেন, স্বাভাবিক সময়ে প্রতিদিন ৪০ থেকে ৫০ ট্রাক ভোগ্যপণ্য ঢুকলেও হরতাল-অবরোধের দিনে ঢুকছে ৮ থেকে ১০ ট্রাক। অগ্নিসংযোগ ও ভাঙচুরের শঙ্কায় বেশির ভাগ মালিক-চালক ট্রাক চালাতে আগ্রহী হচ্ছেন না। আবার কেউ কেউ বেশি ভাড়া দাবি করছেন। পণ্য সরবরাহ দ্রুত স্বাভাবিক না হলে আরেক দফা পণ্যের দাম বাড়ার আশঙ্কা করছেন তারা। মঙ্গলবার বাজার ঘুরে দেখা যায়, এক সপ্তাহ আগে আমদানি করা পেঁয়াজ ৮০ থেকে ৮৫ টাকা কেজি দরে বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে ১০০ থেকে ১০৫ টাকা দরে। সপ্তাহের ব্যবধানে কেজিতে প্রায় ১০ টাকা বেড়েছে আদার দাম। প্রতি কেজি আদা বিক্রি হচ্ছে ১৮০ থেকে ১৯০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ১৬৫ থেকে ১৭৫ টাকা। চায়না রসুন প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৭০ টাকায়, যা এক সপ্তাহ আগে ছিল ১৫০ থেকে ১৫৫ টাকা। এই বাজারে ডালের দামও বেড়েছে। প্রতি কেজি মুগডাল বিক্রি হচ্ছে ১২০ থেকে ১২৫ টাকায়, যা আগে ছিল ১১২ থেকে ১১৫ টাকা। আরো অন্যান্য পণ্যের দামও প্রতিনিয়ত বেড়ে চলছে।
আলোকিত প্রতিদিন /৭ নভেম্বর ২৩/ মওম
- Advertisement -
- Advertisement -