মোঃ জিয়াউল ইসলাম :
ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে বঙ্গোপসাগরে ট্রলার ডুবিতে নিখোঁজ জেলেদের পরিবার ও উদ্ধার হওয়া জেলেদের আর্থিক সহায়তা ও ত্রান সামগ্রী বিতরণ করেছে পাথরঘাটা উপজেলা প্রশাসন। ২০ নভেম্বর সোমবার বেলা দশটার দিকে পাথরঘাটা উপজেলা পরিষদের হলরুমে নিখোঁজ জেলে পরিবার ও উদ্ধার হওয়া জেলেদের মাঝে আর্থিক ও ত্রান সহায়তা প্রদান করা হয়। এ সময় নিখোঁজ ২৫ জেলে পরিবারকে নগদ চার হাজার টাকা ও ৩০ কেজি চাল ও উদ্ধার হওয়া ১৮ জেলেদেরকে ২৫ কেজি করে বিতরণ করা হয়। পাথরঘাটা থেকে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে গত শুক্রবার ঘূর্ণিঝড় মিধিলির ঝড়ে পড়ে ৩টি টলারসহ ৪৩ জেলে নিখোঁজ হয়।
নিখোঁজ জেলেদের মধ্যে ১৮ জন বিভিন্নভাবে উদ্ধার হয়। এখনো ২৫ জন জেলে সহ এফবি এলাহি ভরসা ও এফবি মায়ের দোয়া নামের দুইটি ট্রলার নিখোঁজ রয়েছে। এ আর্থিক ও ত্রান সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন, পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রোকনুজ্জামান খান, পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহ আলম, পাথরঘাটা কোস্ট গার্ড কন্টিজেন্ট কমান্ডার ফিরোজুজ্জামান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মাসুদ রানা, জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকনুজ্জামান খান বলেন, ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে নিখোঁজ হওয়া ২৫ জেলে পরিবার ও উদ্ধার হওয়া ১৮ জেলেকে নগদ আর্থিক সহায়তা ও চাল বিতরণ করা হয়েছে এছাড়াও নিখোঁজ হওয়া ট্রলার সহ ২৫ জেলেকে উদ্ধারের জন্য কোস্টগার্ড, নৌবাহিনী বঙ্গোপসাগরে বিভিন্ন এলাকায় উদ্ধার অভিযান পরিচালনা করছে। নিখোঁজ জেলে পরিবার কে নিয়মিত খোঁজ খবর নেয়া হবে এবং তাদের সরকারি বিভিন্ন সাহায্যে সহযোগিতা আওতায় আনা হবে বলে তিনি জানান।
২০ নভেম্বর ২০২৩

