প্রতিনিধি,ময়মনসিংহ :
“আমার ভ্যাট আমি দিব, কেনার সময় চালান নিব” এই প্রতিপাদ্যে ময়মনসিংহে জাতীয় ভ্যাট দিব এবং ভ্যাট সপ্তাহ উদযাপন করা হয়েছে। সোমবার সকালে নগরীর এড. তারেক স্মৃতি অডিটোরিয়ামে ময়মনসিংহ কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগের আয়োজনে দিবসটি উপলক্ষে এক মতবিনিময় সভা ও সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী প্রতিষ্ঠানদের সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকার (উত্তর) যুগ্ন-কমিশনার রেজভী আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন-কাস্টমস এক্সাইজ ও ভ্যাট ময়মনসিংহ বিভাগের উপ-কমিশনার মোঃ ফয়সাল বিন রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া। এ সময় তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতির ক্রমবর্ধমান উন্নতির অন্যতম চালিকা শক্তি হল ভ্যাট। বর্তমানে বিশ্বের ১৬৬ টি দেশে ভ্যাট ব্যবস্থা প্রচলিত আছে। জাতীয় রাজস্ব বোর্ড ভ্যাট প্রদানে জনসাধারণ ও ব্যবসায়ীদের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ২০১৩ সাল থেকে প্রতিবছর ১০ ডিসেম্বর ভ্যাট দিবস এবং ১০-১৫ ডিসেম্বর ভ্যাট সপ্তাহ পালন করে আসছে। জাতীয় রাজস্ব বোর্ড অভ্যন্তরীণ রাজস্ব আহরণের মাধ্যমে সরকারের টেকসই উন্নয়ন বাস্তবায়নে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অর্থ যোগান দিয়ে আসছে। আন্তর্জাতিক বাণিজ্যের প্রসার, বিনিয়োগ বৃদ্ধি, বাণিজ্য সহজীকরণ, ব্যবসা-বাণিজ্যের ঝুঁকি প্রশমন এবং পণ্যের সরবরাহ ব্যবস্থা নিরবিচ্ছিন্ন রাখার ক্ষেত্রে বিশ্বের প্রতিটি দেশে কাস্টমস বিভাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এছাড়াও কাস্টমসের ভূমিকা ও কার্যক্রম সামগ্রিকভাবে যেকোন দেশের উন্নয়ন অগ্রযাত্রা ও প্রবৃদ্ধি অর্জনের পথে গুরুত্বপূর্ণ নিয়ামক। এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ময়মনসিংহ কর অঞ্চলের কর কমিশনার মোঃ আশরাফুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক আরিফুল হক মৃদুল, অতিরিক্ত পুলিশ সুপার শামীম হোসেনসহ প্রমুখ। আলোচনা শেষে ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নেত্রকোনা ও শেরপুর জেলার উৎপাদন, ব্যবসা ও সেবা খাতে সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী ৮ টি প্রতিষ্ঠানকে চূড়ান্তভাবে নির্বাচিত করে প্রতিষ্ঠানের মালিক ও প্রতিনিধিদের হাতে পুরস্কার হিসেবে সম্মাননা সনদ ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা। এ সময় উপস্থিত ছিলেন- কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগ ময়মনসিংহ অঞ্চলের সহকারী রাজস্ব কর্মকর্তা মোঃ রাশেদ বিশ্বাস, সরকারি রাজস্ব কর্মকর্তা হেনা সরকারসহ কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগ ময়মনসিংহ অঞ্চলের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ প্রমুখ।
আলোকিত প্রতিদিন/ ১১ নভেম্বর ২৩/মওম
- Advertisement -

